বাসের কোন রুটে ভাড়া কত বাড়লো?
জ্বালানির মূল্যবৃদ্ধির পর দেশে দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিবহন মালিকদের সঙ্গে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও শহরের বাস ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়বে। রাজধানীর বাস ভাড়াও একই হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক শেষে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাব অনুযায়ী কিলোমিটারে ভাড়া ২০ পয়সা বাড়ানোর কথা ছিল। তবে জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে ভাড়া বাড়বে ১৭ পয়সা।
তিনি বলেন, মালিকরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বসে এ বিষয়ে চুক্তি করবেন। মহানগর ও জেলা—সব পর্যায়েই নির্ধারিত হারের চেয়ে কিলোমিটারে ৩ পয়সা কম নেওয়া হবে। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন হতে পারে।
এর আগে সোমবার বিআরটিএ যাত্রীবাহী বাসের ভাড়া দূরপাল্লার পথে কিলোমিটারে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
গত এপ্রিলেও ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর বাস ভাড়া কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা।
দূরপাল্লার ৫২ আসনের বাসে বর্তমানে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। তবে বিভিন্ন রুটে কিছু নন-এসি বাসের আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তার নিচে নামানো হয়েছে। এসব বাসে তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হয়। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যাত্রীদের দিতে হয়।
নতুন করে কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে দূরপাল্লা ও নগর পরিবহনের বাস ভাড়া নতুন করে নির্ধারণ করা হবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: