দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: পানিসম্পদমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঝটিকা মিছিলের মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। তিনি বলেন, তারা যাতে কোনোভাবেই সমাজে নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে জন্য সরকার একদিকে তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, সারাদেশে চুরি, ছিনতাই, মাদকসহ নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) টানা দুই দিন ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। সমস্যা সমাধানে সরকার যা যা করা প্রয়োজন, তা করবে।
সভায় স্থানীয় সংসদ সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ, সাঈদ আল নোমান ও জসিম উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: