• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

অসহায় কৃষক তোফাজ্জলের পাশে প্রবাসীরা

বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে: কিরণ

প্রকাশিত: ১৫:৩৩, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে: কিরণ

ছবি: কৃষক তোফাজ্জল হোসেনেকে আর্থিক সহায়তা

আলমারিতে যত্ন করে রাখা সারা জীবনের সঞ্চয়—দুই লাখ টাকা কেটে টুকরো টুকরো করে ফেলেছে ইঁদুর ও উইপোকা। ৭২ বছর বয়সী প্রান্তিক কৃষক তোফাজ্জল হোসেনের সেই অসহায়ত্বের ছবি ছড়িয়ে পড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের পাঠানো দুই লাখ টাকা আর্থিক সহায়তা পেলেন গাইবান্ধার সেই কৃষক।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তোফাজ্জল হোসেনের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, মানবিকতার কোনো ধর্ম, বর্ণ বা সীমান্ত নেই। মানুষের প্রতি মমত্ববোধ ও ভালোবাসাই মানবিকতার মূল শক্তি। একজন প্রান্তিক কৃষকের সঞ্চয় নষ্ট হওয়ার খবর পেয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা মানবিকতার অনন্য দৃষ্টান্ত। এ উদ্যোগে প্রবাসীদের দেশপ্রেমও প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

কিরণ বলেন, বর্তমান সরকার অসহায়, দরিদ্র, কৃষক ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে।

অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ উদ্দিন বলেন, তোফাজ্জল হোসেনের নষ্ট হয়ে যাওয়া দুই লাখ টাকা শুধু অর্থ নয়; এটি তার ঘাম, স্বপ্ন ও ভবিষ্যৎ নিরাপত্তার প্রতীক। মানুষের বিপদে মানুষ পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানে তোফাজ্জল হোসেনের বড় মেয়ে মোসাম্মৎ মোর্সেদা এবং গাইবান্ধার স্থানীয় সাংবাদিক ইদ্রিসউজ্জামান মোনাও উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন। তিন মেয়ে ও স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে তার সংসার। একসময় ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। বয়সের ভারে রিকশা চালানো সম্ভব না হওয়ায় গ্রামে ফিরে অন্যের দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করেন। সেই আয়েই চলত তার সংসার।

আলমারিতে জমানো দুই লাখ টাকা ইঁদুর ও উইপোকায় নষ্ট হয়ে যাওয়ার পর তার অসহায়ত্বের ছবি প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। সেই খবরই প্রবাসী বাংলাদেশিদের সহায়তার উদ্যোগের পথ তৈরি করে।

বিভি/এমআর

মন্তব্য করুন: