খাল খনন ও নদী প্রকল্পে দুর্নীতি করলে কাউকে ছাড় নয়: পানি সম্পদ প্রতিমন্ত্রী
সরকারি খাল খনন ও নদী প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, সরকারি প্রকল্পে পুকুরচুরি বা দুর্নীতির সঙ্গে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রবিবার (১ নভেম্বর) প্রকল্প এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, অতীতে দেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এসব অনিয়ম তদন্তের আওতায় আনা হয়েছে। বর্তমানে চলমান খাল ও নদী খনন কর্মসূচিতে যাতে সামান্যতম দুর্নীতি বা অর্থ আত্মসাতের ঘটনাও না ঘটে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।
কাজের স্বচ্ছতা নিশ্চিত করার পদক্ষেপ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রতিটি জেলায় জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল, স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে দল এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এসব দল সরাসরি মাঠপর্যায়ে গিয়ে কাজ তদারকি করছে।
তিনি আরও জানান, প্রতি মাসে প্রকল্পের সার্বিক অগ্রগতির বিবরণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে জবাবদিহি করতে হচ্ছে। খননকাজে জিও ব্যাগ ও ব্লক ব্যবহারের সঠিক হিসাব এবং খনন করা মাটি পুনরায় নদী বা খালে পড়ছে কি না, তা আন্তমন্ত্রণালয় সভায় বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, কঠোর তদারকির কারণে ইতিমধ্যে অনেক বিতর্কিত ঠিকাদার পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজ ছেড়ে দিচ্ছেন। আগের মতো অনিয়ম করার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই আর কাজ করতে সাহস পাচ্ছেন না। দুর্নীতিতে জড়িতদের চিহ্নিত করে একাধিক প্রতিষ্ঠানকে ইতিমধ্যে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে নদীর গতিপথ পরিবর্তন করা নিয়ে এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন আজাদ বলেন, পলি জমা বা প্রাকৃতিক কারণে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হতে পারে। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে কিংবা কাউকে অনৈতিকভাবে লাভবান করার উদ্দেশ্যে নদীর ক্ষতিসাধন বা গতিপথ পরিবর্তনের সুযোগ সরকার দেবে না।
তিনি আরও বলেন, অতীতে এ ধরনের কর্মকাণ্ড ঘটে থাকলে তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: