• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলকে মাদক-সন্ত্রাস-কিশোর গ্যাংমুক্ত করতে হবে: সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৪, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:৫৫, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
টাঙ্গাইলকে মাদক-সন্ত্রাস-কিশোর গ্যাংমুক্ত করতে হবে: সালাউদ্দিন টুকু

টাঙ্গাইলকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। টাঙ্গাইলে প্রাথমিক বৃত্তি, জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

শুক্রবার (৩০ অক্টোবর)  জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সৃষ্টি শিক্ষা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
এ সময় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। কারণ খেলাধুলা মানুষের মন, মানসিকতা ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকমুক্ত টাঙ্গাইল গড়তে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
 
তিনি বলেন, টাঙ্গাইলকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। খেলাধুলার ধারাবাহিকতা বজায় রাখা এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের জন্য টাঙ্গাইলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে ভাসানী হল ও জিমনেসিয়াম অবমুক্ত করার বিষয়ে তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
 
সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক সাতিল এবং টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ।
 
অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সৃষ্টি শিক্ষা পরিবারের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি, জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৫৬৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: