• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী

প্রকাশিত: ২০:৫০, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৫১, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী

খেলাধুলার চর্চার মাধ্যমে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ঢাকা মহানগরী ২য় বিভাগ ভলিবল লীগ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, পরিবার, সমাজ ও পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, এ লক্ষ্য সামনে রেখে সরকার খেলাধুলার উন্নয়ন ও প্রসারকে অগ্রাধিকার দিচ্ছে। তবে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতিথিরা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিতে পারেন, কিন্তু একটি খেলাকে এগিয়ে নেওয়ার মূল দায়িত্ব খেলোয়াড়দেরই।

ভলিবলের উন্নয়ন ও ফেডারেশনকে আরও এগিয়ে নিতে খেলোয়াড়দের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ভলিবল ফেডারেশনের কার্যক্রমে সাবেক খেলোয়াড়দের সম্পৃক্ততা এবং বিভিন্ন পেশায় কর্মরত সাবেক খেলোয়াড়দের অংশগ্রহণ আশাব্যঞ্জক। তাঁদের অভিজ্ঞতা ও সহযোগিতা নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ছেলে-মেয়ে নির্বিশেষে সবাইকে নিজেদের পছন্দের খেলায় অংশ নেওয়ার সুযোগ ও উৎসাহ দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা একটি সুস্থ, সচেতন ও সুন্দর জাতি গঠনে সহায়ক হবে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এম এ লতিফ শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালী, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দামসহ অন্যরা বক্তব্য দেন।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর ১৩টি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশ নিচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত