পরীক্ষায় ফেল করায় চিরকুটে মা-বাবার কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যা!
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সাতক্ষীরার তালায় হৃদয় সরদার (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ১ নম্বর ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। নিহত হৃদয় সরদার দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হৃদয়। শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা চিরকুটে পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা এবং মা-বাবার প্রতি নিজের অনুভূতির কথা উল্লেখ করেছেন হৃদয়। পাশাপাশি পরীক্ষার সময় দায়িত্ব পালনকারী এক শিক্ষকের ভুলের কারণে ফলাফল খারাপ হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
স্থানীয় বাসিন্দা শেখ ইয়াসিন বলেন, খবরটি ছড়িয়ে পড়ার পর পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে। হৃদয় অত্যন্ত ভালো ছেলে ছিলেন। তার এমন মৃত্যুতে সবাই শোকাহত।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: