রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐকমত্যের ডাক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ছবি: বাসস
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, এ সংকট মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল ও সুশীল সমাজকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে সরকার।
রবিবার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত রোহিঙ্গাবিষয়ক এক নীতিসংলাপে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা অত্যন্ত জরুরি। বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়েও সরকার কাজ করছে।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ সংকটের সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি প্রাসঙ্গিক রাখা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর চাপ অব্যাহত রাখাও জরুরি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান সরকারের আমলে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সফলভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান সংকট মোকাবিলায় দেশের সব রাজনৈতিক দল ও সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: