রবিবার কি সরকারি ছুটি?
আগামীকাল ৮ নভেম্বর রবিবার সরকারি ছুটি কি না-এ নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তবে এই দিনটি সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়। ফলে সরকারি-বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৮ নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি নির্ধারিত রয়েছে।
নিয়ম অনুযায়ী, সাধারণ সরকারি ছুটি না হলেও সংশ্লিষ্ট ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। তবে অন্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনটি স্বাভাবিক কর্মদিবস।
এদিন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও অন্যান্য অফিস খোলা থাকবে।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আগামীকাল রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা উদ্যাপন করা হয়। এদিন ভক্তরা মা কালী বা শ্যামা মায়ের আরাধনা করবেন।
২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর শ্যামাপূজা উপলক্ষে ছুটি রয়েছে।
এর আগের দিন ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিন সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকতে পারে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও ছুটির সুযোগ রয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ভর করবে নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে মাদরাসার শিক্ষার্থীদের জন্য এ ছুটি কার্যকর হবে কি না, তা নিশ্চিত নয়।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, সবুজবাগের শ্রীশ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান, তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে আগামীকাল শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: