• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইউএনডিপি-ইউএনএফপিএর জোরালো সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশিত: ১১:৩৪, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৩৭, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইউএনডিপি-ইউএনএফপিএর জোরালো সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনসংখ্যাগত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আরও জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

সোমবার (১৬ নভেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও সহকারী মহাসচিব কান্নি উইগ্নারাজা এবং ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কেইতার পক্ষে সংস্থাটির কর্মসূচি বিভাগের উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন।

বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হকসহ জাতিসংঘের উভয় সংস্থা ও বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনডিপির আঞ্চলিক পরিচালক কান্নি উইগ্নারাজার সঙ্গে বৈঠকে জহির উদ্দিন স্বপন বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং মসৃণ উত্তরণ কৌশল (এসটিএস) বাস্তবায়নে কারিগরি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় তিনি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে কান্নি উইগ্নারাজা এসব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিক আইন আধুনিকায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

অন্যদিকে, ইউএনএফপিএর উপপরিচালক সোয়োলতুয়া বায়ারার সঙ্গে বৈঠকে জহির উদ্দিন স্বপন জনসংখ্যা গবেষণা, নির্ভরযোগ্য জনসংখ্যা উপাত্ত সংগ্রহ এবং তথ্য-প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সংস্থাটির আরও সহযোগিতা কামনা করেন।

এ সময় বায়ারা মাতৃ ও প্রজননস্বাস্থ্যসেবা, ধাত্রীসেবা সম্প্রসারণ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং রোহিঙ্গা নারীসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ইউএনএফপিএর চলমান কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা এবং সহযোগিতা সম্প্রসারণে সংস্থাটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বাংলাদেশের সংসদীয় কমিটির সদস্যদের সরকারের কার্যক্রমের ওপর কার্যকর জবাবদিহি নিশ্চিত করার সক্ষমতা বাড়াতে উভয় সংস্থার চলমান কর্মসূচিগুলো আরও সময়োপযোগী করার বিষয়ে পরামর্শ দেন। তাঁর এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে উভয় সংস্থার প্রতিনিধিরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত