কাদের মির্জার ভাইরাল অডিও ক্লিপ নিয়ে তোলপাড়
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আলোচিত ও সমালোচিত আবদুল কাদের মির্জার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। অডিও প্রকাশের পর থেকে নানা আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। কেউ কেউ বলছেন, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। যদি পালন করতো তাহলে কাদের মির্জার অবস্থান সনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে পারতো।
নাম প্রকাশে অনিচ্ছুক নোয়াখালীর কোম্পানীগঞ্জের আওয়ামী লীগের একাধিক নেতা জানান, কুখ্যাত কাদের মির্জা বাংলাদেশেই আছে এবং আয়েশী জীবন কাটাচ্ছে। এসব নেতা বিগত সরকারের সময় কাদের মির্জার নির্যাতনের শিকার হয়েছিলেন। কিন্তু তার ক্ষমতার দাপটের কাছে ছিলো অসহায়।
অডিও বার্তায় কাদের মির্জা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় তিনটি বিতর্কিত নির্বাচন নিয়ে বলেন, একটি বিষয় আমাদেরকেও বিব্রত করেছে। আওয়ামী সরকারের আমলে তিনটি নির্বাচন আমাদেরকে বিতর্কিত করেছে। যা দেশে-বিদেশেও বিতর্কিত করেছে। এটা আমরা অস্বীকার করবো না। এটা কেন হয়েছে, কী জন্য হয়েছে, এই অনিয়ম নিয়ে আমি আমার রাজনৈতিক জীবনের একটি বইয়ে লিখেছি।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সুদখোর উল্লেখ করে বলেন, সুদখোর ইউনুস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এদেশের গরীব মানুষকে লোন দিয়েছিলেন। সে সুদের টাকা এই দেশের গরীব মানুষেরা শেষ সম্বলটুকু বিক্রি করে শোধ করেছিলো। নিঃস্ব হয়ে গিয়েছিলো গরীব মানুষগুলো।
কাদের মির্জা আরও বলেন, এই ইউনুস সেই ইউনূস, যে নিরীহ শ্রমিকদের টাকা আত্নসাতের দায়ে সাজা প্রাপ্ত আসামি। সে ইউনূস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিগত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে। এরপর বাটপার ইউনূস, হাওয়া ভবনের তারেক জিয়া ও জঙ্গী সরদার ডা. শফিকদের দুঃশাসন শুরু হয়েছিলো।
হাদীকে জঙ্গি উল্লেখ করে কাদের মির্জা বলেন, এই জঙ্গিকে কবর দেওয়া হয়েছে বাংলার কবি, বিদ্রোহী কবি, সুরের কবি, মানবতার কবি, বেদনার কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে।
কাদের মির্জা বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি প্রহসনের নির্বাচন করেছিলেন ড. ইউনুস। আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছে সুদি ইউনুস, তারেক জিয়া ও জঙ্গি সর্দার ডা. শফিকের সম্মতিতে। সেই নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে। জয়ী হওয়ার পর ইউনূসের পদাঙ্ক অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করছে তারেক জিয়া। নীতিবাজ হাফ শার্ট পরা তারেক জিয়া।
ব্যাঙ্গাত্মকভাবে কাদের মির্জা বলেন, সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য। আর আজকে দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে। তারেক জিয়ার দুঃশাসন থেকে জাতিকে উদ্ধার করার জন্য তার নেত্রী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: