ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন না করার আহ্বান
ছবি: উইকিপিডিয়া
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যদের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। কোনো কোনো গণমাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা না বলেই তার নামে বক্তব্য প্রকাশ এবং বক্তব্যের আংশিক বা অসংগত ব্যাখ্যা দিয়ে ঘটনার প্রকৃত চিত্রের চেয়ে অতিরঞ্জিত তথ্য প্রচারের অভিযোগ তুলেছে ফায়ার সার্ভিস।
সম্প্রতি দুটি মর্মান্তিক রাজনৈতিক হত্যাকাণ্ডের পর নিহত ব্যক্তিদের সমর্থকদের প্রতিক্রিয়ায় নড়াইলে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন উপযুক্ত প্রতিনিধির বক্তব্য কয়েকটি পত্রিকায় ফলাও করে প্রকাশ করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে সংস্থাটি। বিভিন্ন গণমাধ্যমে অসৎ উদ্দেশ্যে প্রকাশিত এ ধরনের কিছু সংবাদ তাদের নজরে এসেছে বলে জানানো হয়েছে।
সংস্থাটির বক্তব্যে বলা হয়েছে, কোনো কোনো গণমাধ্যম ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত উপযুক্ত কর্মকর্তার সঙ্গে কথা না বলেই তার নামে বক্তব্য উপস্থাপন করেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে কর্মকর্তার বক্তব্যের আংশিক বা অসংগত ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত চিত্রের চেয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশ করা হয়েছে। এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের যথার্থতা ও প্রেক্ষাপট যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ফায়ার সার্ভিস মনে করে, পাঠকপ্রিয়তা, প্রচারসংখ্যা বা ভিউ বৃদ্ধির প্রতিযোগিতায় দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়। বিশেষ করে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা কিংবা এ ধরনের স্পর্শকাতর ঘটনায় যাচাইবিহীন, বিভ্রান্তিকর বা অতিরঞ্জিত তথ্য প্রচার জনমনে অযথা আতঙ্ক, উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এমনকি তা সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে।
বক্তব্যে আরও বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সংস্থার প্রতিটি সদস্য সর্বোচ্চ পেশাদারত্ব, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কোনো ধরনের অপতথ্য, বিভ্রান্তি কিংবা দায়িত্বহীন কর্মকাণ্ডের সঙ্গে সংস্থার নাম জড়ানোর আগে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা একান্তভাবে কাম্য।
এ অবস্থায় সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা বা সদস্যের বক্তব্য গ্রহণ কিংবা সংস্থার কার্যক্রমসংক্রান্ত তথ্যের জন্য মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিশেষ করে কোনো দুর্ঘটনা বা দুর্যোগস্থলে উদ্ধারকাজ চলাকালে দায়িত্বপ্রাপ্ত ও উদ্ধার অভিযানে নিয়োজিত সদস্যদের অপ্রয়োজনীয়ভাবে সাক্ষাৎকার দেওয়া বা সংবাদমাধ্যমের সামনে আসার জন্য অনুরোধ কিংবা প্ররোচিত না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এতে উদ্ধারকাজে নিয়োজিত জনবলের মনোযোগ ও কর্মপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি সেবার জন্য নির্ধারিত জনবল ও সময়ের অপচয় হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য সম্পর্কে অবগত নন- এমন কোনো কর্মকর্তা বা সদস্যের পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত ও যথাযথভাবে অবহিত ব্যক্তির বক্তব্য নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রকাশিতব্য বক্তব্যের সত্যতা, প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য দেওয়ার যথাযথ কর্তৃত্ব নিশ্চিত করে সংবাদ পরিবেশনের জন্যও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে বলেছে, তারা গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করে। সংস্থাটিকে কোনো অনাকাঙ্ক্ষিত বিতর্কে জড়ানো থেকে বিরত রাখার জন্যও সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে সঠিক তথ্য প্রচার, উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বশীল ভূমিকা একান্তভাবে কাম্য বলে জানিয়েছে সংস্থাটি।
বিভি/এসবি/পিএইচ













মন্তব্য করুন: