জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রূপপুর, স্বীকৃতি দিলো আইএইএ
ছবি: উইকিপিডিয়া
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির ১০ দিনব্যাপী পর্যালোচনায় কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ও আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে গত ৮ থেকে ১৮ নভেম্বর আইএইএর জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) মিশন পরিচালিত হয়। ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের প্রস্তুতির ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয়। প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, কেন্দ্রের অভ্যন্তরীণ বা অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট ঘাটতি কিংবা সংশোধনের সুপারিশ করেনি আইএইএ।
প্রতিবেদনে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতাভিত্তিক ব্যবস্থাকে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রূপপুরের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা, বিশেষায়িত চিকিৎসা ও মনস্তাত্ত্বিক সহায়তাসম্পন্ন চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ কর্মীদের প্রশিক্ষণের জন্য নির্মিত ফায়ার স্টেশন সিমুলেটরের প্রশংসা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, কেন্দ্রের নিজস্ব জরুরি ব্যবস্থাপনা এবং জাতীয় পর্যায়ের জরুরি সাড়াদান ব্যবস্থা আলাদা বিষয়। জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।
তিনি জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন।
মিশনপ্রধান মার্ক ব্রেইটিঙ্গার বলেন, আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা জোরদারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার রয়েছে।
বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, রূপপুরের কার্যক্রম শুরুর আগে পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, আইএইএর সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব নির্ধারণ করে কর্মপরিকল্পনা তৈরি করা হবে।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: