গাজীপুরে আবারও শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
দাউ দাউ করে জ্বলছে পুলিশের গাড়ি। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
গাজীপুরে আবারো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। একপর্যায়ে পুলিশের জীপ গাড়ীতে আগুন জালিয়ে দেয় বিক্ষুব্ধরা ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করেন। সকাল ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রীসহ সাধারণ মানুষ।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে পরিস্থিতি বিবেচনায় মহানগরীর ১০টি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণা করার চেষ্টা করা হচ্ছে। শ্রমিক আন্দোলনের কারণে আজ সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গতকালের তথ্য অনুযায়ী ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিভি/এমএমএফ/এজেড













মন্তব্য করুন: