ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার দীর্ঘ যানজট
সড়কে পড়ে আছে গাছের গুঁড়ি। পাশে দীর্ঘ যানজট
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে গাছবোঝাই একটি ট্রাক উল্টে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার ভোর ছয়টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্রগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে মোগরাপাড়া থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ সারিতে যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে গাছবোঝাই ট্রাকটি মোগরাপাড়া চৌরাস্তা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা গাছের গুঁড়িগুলো মহাসড়কে ছড়িয়ে পড়লে যান চলাচল ব্যাহত হয়। ধীরে ধীরে মহাসড়কের উভয় প্রান্তে, বিশেষ করে মোগরাপাড়া থেকে মদনপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়। দীর্ঘ সময় যানবাহন স্থবির হয়ে থাকায় অনেক যাত্রীকে বাধ্য হয়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা যায়।
যানজটে আটকা পড়া মিজান নামের এক যাত্রী বলেন, মেঘনা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে প্রায় দেড় ঘণ্টা যানজটে আটকা পড়েছিলাম। উপায় না দেখে একপর্যায়ে গাড়ি থেকে নেমে আবার ফিরে এসেছি।
দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে ভোরবেলা গাছের গুঁড়ি সরানোর জন্য পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় উদ্ধারকাজে কিছুটা বিলম্ব হয়।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, আজ ভোরে ট্রাক উল্টে গাছগুলো সড়কে ছড়িয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। সকাল সকাল শ্রমিক না পাওয়ায় গাছগুলো সরাতে কিছুটা দেরি হয়েছে। ইতিমধ্যে শ্রমিক পাওয়া গেছে এবং রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাক ও গাছের গুঁড়ি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
বিভি/এএ/এজেড













মন্তব্য করুন: