সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট, মাথা ঘুরে পড়ে যুবকের মৃত্যু
কয়েক দিনের অসহনীয় গরমে সারাদেশের মতো সিলেটেও মানুষের প্রাণ ওষ্ঠাগত। বৃহস্পতিবার বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে সিলেট। গত ৩ দিন ধরে ধারাবাহিকভাবে বাড়তে থাকা তাপমাত্রা বিকেল ৪টায় ৩৭.১ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকে। এই তাপমাত্রা চলতি বছরের সিলেটে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে গরমে মাথাঘুরে পড়ে সিলেট নগরীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস বছরের মধ্যে সিলেটে সর্বোচ্চ।
গত কয়েকদিন ঘরে প্রখর রোদ আর অসহ্য গরমের মধ্যে কেউ মাথায় ছাতা দিয়ে পথ চলেছেন, কেউ আবার জীবিকার তাগিদে ছুটেছেন গরম উপেক্ষা করে। এই গরমে বেশি ভোগান্তিতে পড়েছেন ঘরের বাইরে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। তীব্র গরমে সিলেটের রাজপথ অনেকটা ফাঁকা ছিলো দিনভর।
দুপুরে তীব্র গরমে সিলেট নগরীর জিন্দাবাজারে মাথা ঘুরে পড়ে মৃত্যুবরণ করেছেন মো. শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবক। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে। ধারণা করা হচ্ছে, তিনি হিট স্ট্রোকে মারা গেছেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: