• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

গোয়ালন্দে পান-সিগারেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১১:২২, ২৩ জুন ২০২৫

আপডেট: ১১:৩৭, ২৩ জুন ২০২৫

ফন্ট সাইজ
গোয়ালন্দে পান-সিগারেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক পান-সিগারেট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিসের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নজরুল বেপারী গোয়ালন্দ উপজেলার ঈমানখান পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লীর ভেতরে পান-সিগারেটের দোকান চালিয়ে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নজরুল বেপারীর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক ও একটি জুয়ার মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিবার (২২ জুন) দিবাগত রাতের কোনো এক সময় তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘নজরুলের মাথা, ঘাড়, পিঠ, হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করা হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

এদিকে, গভীর রাতের কোনো এক সময়ে এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিভি/এআই

মন্তব্য করুন: