• NEWS PORTAL

  • রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

এবার মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

প্রকাশিত: ১২:১৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবার মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

ফাইল ছবি

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ওই নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। 

এ ঘটনায় নিহতের মাদকাসক্ত ছেলে মো. সুমনকে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সুমন দীর্ঘদিন ধরে বখাটে স্বভাবের এবং মাদকাসক্ত। শনিবার দিবাগত রাতে তিনি মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে মায়ের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই নারী এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। 

ঘটনার পর নিহতের লাশ রাস্তায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন সুমন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে হেফাজতে নেয় এবং নিহত নারীর লাশ উদ্ধার করে।  

ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম।

গণমাধ্যমকে  তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। একইসঙ্গে অভিযুক্ত ছেলে সুমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।

বিভি/এআই

মন্তব্য করুন: