নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্ট গার্ডের অভিযান
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড।
সোমবার ( ২ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে খাদ্যদ্রব্য মজুত করে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে কোস্ট বেইস চট্টগ্রাম, নৌ পরিবহণ অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দরের সমন্বয়ে ২৭টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
পাশাপাশি বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার অধিক কোনো লাইটার, কোস্টার, অয়েল ট্যাংকারসহ খাদ্যদ্রব্য ও ভোজ্য তেলবাহী জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে না দেওয়া, ভোজ্য তেলবাহী জাহাজসমূহকে দ্রুত নিজ নিজ গন্তব্যে প্রেরণ নিশ্চিত করা এবং আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।
বিভি/এআই



মন্তব্য করুন: