নরসিংদী সদর
খাবার হোটেলে কথা কাটাকাটির জেরে বাড়িঘরে হামলা ও লুটপাট
নরসিংদীতে একটি খাবারের হোটেলে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পৌর শহরের চৌয়ালা এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, শহরের সাটিরপাড়া এলাকায় স্বাধীন মিয়ার একটি খাবারের হোটেল রয়েছে। সকালে হোটেলে দুই ব্যক্তির মধ্যে কথাকাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হোটেল মালিকের ছেলে সাকিবুল হাসান তাদের বাইরে যেতে বললে সাটিরপাড়া এলাকার মনির ও শান্ত তার ওপর চড়াও হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে পরে মনির ও শান্তর নেতৃত্বে প্রায় ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হোটেল মালিক স্বাধীন মিয়ার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
ঘটনার পর ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করে।
ভুক্তভোগী সাকিবুল হাসান বলেন, সকালে দোকানে এক ক্রেতার সঙ্গে কয়েকজন এসে ঝগড়া শুরু করে। আমি তাদের বাইরে যেতে বলায় মনির ও শান্ত আমার ওপর ক্ষিপ্ত হয়। পরে তারা লোকজন নিয়ে এসে আমার বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির তিনটি জানালা, আলমারি, ড্রেসিং টেবিল, টেলিভিশন ও বাইরে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় আলমারিতে দোকানের রোজার বাজার করার জন্য রাখা তিন লাখ টাকা এবং মা-বোনের সাত ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
নরসিংদী সদর মডেল থানা-র উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাড়ি ভাঙচুর ও লুটপাটের সত্যতা পাওয়া গেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: