চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণের ঘটনায় ‘মূল হোতা’ দুলাল গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় ‘মূল হোতা’ হিসেবে অভিযুক্ত শরীফ উদ্দীন দুলালকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার দুলাল উদ্দীন চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সম্প্রতি জামায়াতে যোগ দেন।
পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দুলালকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি না হলেও পুলিশের তদন্তে তার নাম উঠে আসে। প্রাথমিক তথ্য অনুযায়ী, তার নির্দেশেই বোমা তৈরি করা হচ্ছিল। দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, বিস্ফোরণে আহত তিনজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক নিহত হন। আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: