• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে মোবাইল নেওয়ার বিষয়ে ইসির নতুন নির্দেশনা 

প্রকাশিত: ২০:৩৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভোটকেন্দ্রে মোবাইল নেওয়ার বিষয়ে ইসির নতুন নির্দেশনা 

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার বিষয়ে দেওয়া নির্দেশনা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব আখতার আহমেদ জানান, মোবাইল ফোন নিয়ে প্রার্থী ও ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। তবে গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না। সোমবার (৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

ইসি সচিব জানান, ভোটার, প্রার্থী, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল নিয়ে ভোট কেন্দ্রের ভেতরে যেতে পারবেন; তবে গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না। তবে শুধু পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলার বিধিনিষেধ থাকবে।

আখতার আহমেদ জানান, ৫৪০ বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এসেছেন। আমন্ত্রিতদের মধ্য থেকে ৬০ জন তুরস্ক, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও জর্জিয়া থেকে সাংবাদিক পর্যবেক্ষক আসছেন। আল জাজিরা, রয়টার্স, ডয়েচে ভেলে ও এপি থেকেও সাংবাদিক আসছেন। এছাড়া ইইউ থেকে ২২৩ জন, কমনওয়েলথ থেকে ২৫ জন, আইআরআই থেকে ১২ জন পর্যবেক্ষক আসছেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এসেছিলেন আজ। তাদের প্রথম কনসার্ন ছিল মোবাইল ফোন। এখানে একটু মিসকমিউনিকেশন হয়েছে। যেটা বোঝাতে চেয়েছি সেটা লিখিতভাবে বোঝাতে পারিনি। মোবাইল নিয়ে কিছু বিধিনিষেধ থাকবে সেটা আমরা ফিল্টার করছি।’

সচিব বলেন, ‘বরগুনার ব্যালটে কিছু সমস্যা ছিল এবং ফরিদপুর-১ আসনের ব্যালটও সংশোধন করতে হয়েছে। এখন পর্যন্ত আমরা নির্বাচনমুখী। সবাই ভোট দেবেন।’

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় বিলম্বিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘রেজাল্ট ডিলে হওয়ার যৌক্তিক কারণ নেই। ব্যালট গোনার সময়টাকে আপনি দেরি বলতে পারেন না।’

ভোট নিয়ে শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বেশি সময় আর বাকি নেই। আগামীকাল সকাল থেকে প্রচার-প্রচারণা বন্ধ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা যেন বন্ধ থাকে, সে বিষয়ে ডিজিটাল প্রচারণা মনিটরিং করা হবে।’

ইসি সচিব বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। মারাত্মক কোনো খবর আসেনি। তবে দুটি প্রাণহানির ঘটনা দুঃখজনক। প্রাণহানির মতো ঘটনা নিন্দনীয়।’

তিনি বলেন, ‘আচরণবিধি ও নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ সুরাহা করবে ইসি। মিছিল-মিটিংয়ে বক্তব্য-পাল্টা বক্তব্য নির্বাচনেরই অংশ। এখনো এসব বক্তব্য শালীনতার মধ্যেই আছে।’

বিভি/এসজি

মন্তব্য করুন: