• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

গরুর দুধ বিক্রি নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষ, আহত ৬

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গরুর দুধ বিক্রি নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষ, আহত ৬

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় গরুর দুধ বিক্রি ও মাপার পাল্লা নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার চরভাগা পেদা কান্দি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুধ বিক্রি ও মাপার পাল্লা নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে রয়েছেন মোতালেব পেদা (৮০), মোশারফ পেদা (৭৫), সনিয়া আক্তার (৪০), এসকান্দার পেদা, আমজাদ পেদা (৬০) ও মনির হোসেন পেদা (৫০)। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের ভেদরগঞ্জ ও ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুধ মাপার সময় পাল্লা নিয়ে তর্কের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন।

এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মুহিদুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিভি/পিএইচ

মন্তব্য করুন: