দৌলতপুরে চুরিকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলি, আহত ৩
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে দফাদারপাড়া এলাকায় আনিচুর রহমানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে আনিচুর রহমান ও প্রতিপক্ষ সিহাবের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে আনিচুর রহমানের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সিহাব ও তার লোকজনের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করেন।
খবর পেয়ে দৌলতপুর সেনা ক্যাম্পের সদস্য ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আনিচুর রহমান (৫৫), নবাব মাস্টার (৫০) ও আশরাফুল ইসলাম (৪৫) গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আনিচুর রহমান অভিযোগ করেন, দফাদারপাড়া এলাকার মৃত তফিলের ছেলে সিহাব (৫০), মজুদ্দিন দফাদারের ছেলে রিন্টু (২৬), সোহরাব উদ্দিনের ছেলে দোয়েল (২৫) ও জালাল (৪৫)সহ ৮–১০ জন তার বাড়িতে চুরি করে। এরপর তারা গা ঢাকা দেয়। পরে তারা পাশের পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামে অবস্থান করছে- এমন খবর পেয়ে সেখানে গেলে প্রতিপক্ষ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনজন আহত হন। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোলাগুলির ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকলেও দফাদারপাড়া, পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রাম ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: