এবার বগুরায় আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
ছবি: সংগৃহীত
বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ধ্বংসস্তূপে পরিণত করা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কে বা কারা এ পতাকা উত্তোলন করেন।
সোনাতলা থানার ওসি কবির হোসেন গণমাধ্যমকে জানান, তিনি পতাকা উত্তোলনের কথা শুনেছেন, তবে দেখেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সোনাতলা উপজেলা বাসস্ট্যান্ডের কাছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। দীর্ঘ কয়েক মাসে ওই দলীয় কার্যালয়ে কেউ যায়নি। বুধবার সকালে সেখানে হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়। সারাদিন সেখানে পতাকা ছিলো।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সকালে বগুড়া শহরের সাতমাথা টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর সন্ধ্যায় পতাকা সরিয়ে নেন।
নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী গণমাধ্যমকে জানান, তারা আশা করছেন নতুন সরকার আওয়ামী লীগের রাজনীতিতে বাধা দেবে না। এ বিশ্বাস থেকে তারা পরীক্ষামূলকভাবে দলীয় কার্যালয়ে সকালে জাতীয় পতাকা উত্তোলন করছেন ও সন্ধ্যায় নামিয়ে ফেলছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা সরকারকে সহযোগিতার পাশাপাশি সুশৃঙ্খল ও স্বাভাবিক রাজনীতি শুরু করবেন।
বিভি/এআই



মন্তব্য করুন: