জাল বই তৈরির কারখানা থেকে ২০ লাখ টাকার মালামাল জব্দ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় একটি অবৈধ বই ছাপানোর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল বই ও মেশিনপত্র জব্দ করেছে থানা পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কাঁচপুর বেহাকৈর এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও থানা পুলিশের একটি বিশেষ টিম বেহাকৈর এলাকায় একটি ছাপাখানায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে দেশের স্বনামধন্য ‘লেকচার’ ও ‘পাঞ্জেরী’ পাবলিকেশন্সের নামে অবৈধভাবে ছাপানো প্রায় চার হাজার পিস গাইড বই উদ্ধার করা হয়। একই সঙ্গে বই ছাপানোর কাজে ব্যবহৃত বড় মেশিনও জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে সরকারের অনুমতি ও প্রকাশনীর স্বত্ব লঙ্ঘন করে গোপনে এসব গাইড বই ছাপিয়ে আসছিল। তারা নকল বইগুলো দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতো। এর ফলে একদিকে যেমন মূল প্রকাশনীগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিলো।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, অবৈধ এই কারখানা থেকে বই ও মেশিন জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় কপিরাইট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত মালামাল আদালতের নির্দেশে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: