• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আ. লীগ নেতাকে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদল সভাপতি বহিষ্কার

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আ. লীগ নেতাকে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদল সভাপতি বহিষ্কার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রতনকে মারধরের অভিযোগে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে বিজ্ঞপ্তিটি যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় বিঝারী উপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতন বিদ্যালয় থেকে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ভোজেশ্বর বাজার এলাকায় হামলার শিকার হন। 

তিনি অভিযোগ করে বলেন, ইউনিয়ন যুবদল সভাপতি মিজানুর রহমান শিকদারসহ কয়েকজন তাকে অটোরিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার ডান হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

তবে অভিযুক্ত মিজানুর রহমান শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি হামলার সঙ্গে জড়িত নন। বিষয়টি নিয়ে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, ‘ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেবো।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত