• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত, আহত ২

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত, আহত ২

সাতক্ষীরার পাটকেলঘাটায় গরুবোঝাই একটি ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা বালিগাদার মোড়সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইঞ্জিনভ্যানচালকের নাম ইশার আলী (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- একই এলাকার মো. মামুন হোসেন ও মোতালেব হোসেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মো. মামুন হোসেন ও মোতালেব হোসেন গরুবোঝাই একটি ইঞ্জিনভ্যানে করে সাতক্ষীরার আবাদেরহাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা বালিগাদার মোড়ে পৌঁছালে ইঞ্জিনভ্যানটির পেছনের চাকা পাংচার হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইশার আলীর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লুৎফুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত