পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে বরণ করে নিয়েছে রাঙামাটি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান মন্ত্রীত্ব পাওয়ার পর প্রথম বারের মতো রাঙামাটি এসে পৌছালে তাকে বরণ করে নিয়েছে রাঙামাটি জেলা বাসী ও রাঙামাটি প্রশাসনের কর্মকর্তারা। আজ রাঙামাটিতে নিজ সংসদীয় আসনে পৌছালে রাঙামাটি গোদারপাড় এলাকায় থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো শুরু হয়।
নব নির্বাচিত মন্ত্রী দুপুরে রাঙামাটি সার্কিট হাউজে এসে পৌছালে রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর (অব.) অরূপ কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিএসসি, বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তাসহ বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
মন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো রাঙামাটি এসে তিনি সাংবাদিকদের বলেন, পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন তরান্বিত করতে সকলকে নিয়ে কাজ করে যাবো। পাহাড়ের উন্নয়নে কোনো ধনের বৈষম্য হবে না।
তিনি বলেন ১৮০ দিনের একটি টার্গেট হাতে নিয়েছি। আগে কাজ করি তার পর আপনাদেরকে দৃশ্যমান একটি বক্তব্য উপস্থাপন করবো। তিনি বলেন, পাহাড়ের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য, কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, উন্নয়নে প্রথম বলে কোনো কথা নেই। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ সকল সেক্টরের উন্নয়ন করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। পাহাড়ের সকল মানুষের উন্নয়ন করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো। যেখানে দীর্ঘ বছর কোনো উন্নয়নের ছোঁয়া পৌছায়নি সেখানে আমরা উন্নয়নের কাজে হাত দিবো।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি এখন জনগণের সেবক। জনগণের সেবা করাই হচ্ছে বিএনপির নেতাকর্মীদের মূল লক্ষ্য। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ জনগণের সেবার মাধ্যমে দেশের সুষম উন্নয়ন ঘটাতে হবে। তাই প্রতিটি নেতাকর্মীকে জনগণের সেবার মানসিকতা নিয়ে দলের কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে রাঙামাটির ঘাগড়া, মানিকছড়ি টিভি সেন্টার, রেডিও সেন্টার, ভেদভেদী, কলেজ গেইট, রাজবাড়ী, বনরূপা, বিএনপি অফিসসহ সব খানে ফুলেল শুভেচ্ছা নেন।
বিভি/এআই



মন্তব্য করুন: