দস্যু দমনে সুন্দরবনে চিরুনি অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ১
বেশ কয়েক মাস ধরে সুন্দরবনে বেড়েছে বনদস্যুদের তাণ্ডব। অনেক জেলে অসহায় হয়ে বনসংলগ্ন নদী-খালে মাছ না ধরেই ফিরে আসছেন। মুক্তিপণের দাবিতে অনেক জেলেকে অপহরণ করেছে এসব দস্যু। এমন পরিস্থিতিতে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড, র্যাব ও পুলিশ যৌথভাবে চিরুনি অভিযান শুরু করেছে। চলমান ওই অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্টগার্ড সদস্যদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে, সুন্দরবনকে দস্যুমুক্ত করার দৃঢ় সংকল্পে ইতোমধ্যে কোস্টগার্ড বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে।
চলমান অভিযানে মঙ্গলবার ভোর ৪টায় সুন্দরবনের ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে (৩২) আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১১টায় মোংলা থানাধীন পাশাখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একটি শটগান, একটি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। নির্বাচন-পরবর্তী সময়ে কোস্টগার্ডের নেতৃত্বে সুন্দরবনে যৌথ অভিযান শুরু হলে ওই ডাকাত সদস্য আতঙ্কিত হয়ে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উক্ত এলাকায় পুঁতে রেখে কয়রার নারায়ণপুর এলাকায় আত্মগোপন করে বলে জানা যায়।
আটককৃত আফজাল সরদার ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ড আরও জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: