• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪২, ৫ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

ছবি: সুলতা সরদার

সাতক্ষীরার কালিগঞ্জ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) ভোরে উপজেলার রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামের তার স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে এঘটনায় স্বামী শশাঙ্ক সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

নিহত গৃবধূর নাম সুলতা সরদার (২৭)। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের সুবল বৈদ্যের একমাত্র কন্যা এবং কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামের মৎস্যচাষী শশাঙ্ক সরদারের স্ত্রী। দাম্পত্যজীবনে তারা একটি ছেলে ও একটি মেয়ের জনক-জননী।

রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন পরিবারের বরাতে জানান, ভোররাতে বাড়ির একটি কক্ষে সুলতার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন।

তবে, সুলতার পিতা সুবল বৈদ্য অভিযোগ করেন, তার মেয়ের দাম্পত্য জীবন সুখের ছিলো না। স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যনৈমিত্তিক কলহ লেগেই থাকতো। তিনি দাবি করেন, সুলতা প্রায়ই স্বামী শশাঙ্কের বিরুদ্ধে অন্যত্র অনৈতিক সম্পর্ক ও পরকীয়ার অভিযোগ জানাতেন। এসব বিষয় নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এদিকে, হঠাৎ মায়ের মৃত্যুতে দুই শিশুর কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির আঙিনা।

কালিগঞ্জ থানার এস.আই মতিন বিশ্বাস জানান, ঘটনার পর স্বামী শশাঙ্ক সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং তদন্ত শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা সম্ভব হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত