• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

আবদুল আলী মৃধার মৃত্যুবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৬, ১০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
আবদুল আলী মৃধার মৃত্যুবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরা আসনের বিএনপির দুইবারের এমপি মরহুম আবদুল আলী মৃধার সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুরআন খানি, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা এমপি স্মৃতি সংসদ। 

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় আল-জামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দি মাদ্রাসার মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-০৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও এমপি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

বীর মুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা এমপি স্মৃতি সংসদের সভাপতি এম. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মোহন, নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, নরসিংদী জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রধান। 

আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি হাজী ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা এমপি স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মাছুম মৃধা, প্রচার সম্পাদক আমিন মৃধাসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নরসিংদী রাজনৈতিক অঙ্গনের সিংহপুরুষ খ্যাত রায়পুরার সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা, জননেতা আব্দুল আলী মৃধা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য রাজনৈতিক অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছে। তার মৃত্যুর খবরে রায়পুরাসহ সারা নরসিংদীতে শোকের ছায়া নেমে এসেছিল। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত মানুষের মধ্যে হাহাকার পড়ে যায়। শোকের মাতম শুরু হয় নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে। মরহুম আব্দুল আলী মৃধার ৩ টি জানাযা অনুষ্ঠিত হয়েছিল। নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা। দ্বিতীয় নামাজের জানাজা রায়পুরায় সিরাজনগর হাইস্কুল মাঠে। তৃতীয় জানাজা আমিরগঞ্জ বালুয়াকান্দি মাদ্রাসা মাঠে। এখানে জানাজা শেষে মরহুম আব্দুল আলী মৃধাকে বালুয়াকান্দি গোরস্থানে দাফন করা হয়।

বর্ষিয়ান রাজনীতিক আব্দুল আলী মৃধা রায়পুর উপজেলার করিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন নরসিংদী ব্রাহ্মন্দী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। কলেজ জীবনে তিনি ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ৭০ দশকের শেষ দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুপ্রেরণায় গঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুবদলে যোগদান করেন তিনি। একই সময়ে তিনি নরসিংদী জেলা বিএনপির সদস্য নির্বাচিত হন। তিনি নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত জাতীয়তাবাদী দল বিএনপি, নরসিংদী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। পরে তিনি জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন।
নব্বইয়ের দশকে তৎকালীন সরকার বন্ধ করে দিলে তিনি দৈনিক ইনকিলাব চালুর দাবিতে রাজপথে আন্দোলন করেন। এরশাদ সরকারের আমলে দীর্ঘদিন কারাভোগ করেন তিনি। মুক্তি পাওয়ার পর তিনি ১৯৯০ সাল পর্যন্ত এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। রাজপথের নেতাখ্যাত মুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধা ছিলেন অনলবর্ষী বক্তা। মৌলিক দিক থেকে আব্দুল আলী মৃধা ছিলেন আধিপত্যবাদবিরোধী একজন খাঁটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা।

বিভি/টিটি

মন্তব্য করুন: