আমবাগানে চুইঝাল চাষের নতুন আইডিয়া, বাড়তি আয়ের সুযোগ
আমবাগান মানেই শুধু আমের চাষ, এটাই ছিল চিরচেনা দৃশ্য। তবে, এখন সেই বাগানেই যুক্ত হয়েছে নতুন সম্ভাবনা। আম গাছকেই প্রাকৃতিক খুঁটি হিসেবে ব্যবহার করে চাষ হচ্ছে মসলাজাত ফসল চুইঝাল। এতে করে আলাদা খুঁটি বা কাঠামো তৈরির প্রয়োজন হচ্ছে না, কমছে উৎপাদন খরচ। একই জমি থেকে বাড়তি আয়ের সুযোগ, ফলে আগে অব্যবহৃত থাকা আম বাগানের নিচের জমিও এখন হয়ে উঠছে লাভজনক।
উত্তরবঙ্গের আমের জন্য পরিচিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি আম বাগানে দেখা গেছে এমনই এক ব্যতিক্রমী চিত্র। কৃষি উদ্যোক্তা আহসান হাবিব তার বাগানেই শুরু করেছেন এই চুই চাষ। প্রতিটি আম গাছের গোড়ায় তিনটি করে চুইঝালের চারা লাগানো হয়েছে। শুরুতে প্রায় ৪০০টি চারা রোপণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী তিন বছর পর প্রতিটি গাছ থেকে প্রায় পাঁচ কেজি পর্যন্ত চুইঝাল পাওয়ার আশা করছেন তিনি। এতে আমের পাশাপাশি বাড়তি আয়ের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এই মসলাজাত ফসল এখন ধীরে ধীরে উত্তরাঞ্চলের মাটিতেও মানিয়ে নিচ্ছে। পরীক্ষামূলক চাষে ইতিবাচক ফল পাওয়ায় স্থানীয় কৃষকদের মাঝেও আগ্রহও বাড়ছে। অনেকেই এখন আম বাগানের পাশাপাশি চুই চাষের পরিকল্পনা করছেন।
কৃষি কর্মকর্তারা বলছেন, সমন্বিত এই চাষ পদ্ধতি কৃষকের ঝুঁকি কমানোর পাশাপাশি আয় বাড়াতে সহায়ক। একই জমিতে একাধিক ফসল চাষের মাধ্যমে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগকে সফল করতে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে।
স্থানীয়দের বিশ্বাস, এই উদ্যোগ সফল হলে আমনির্ভর কৃষির পাশাপাশি চুইঝালও হয়ে উঠতে পারে চাঁপাইনবাবগঞ্জের নতুন সম্ভাবনাময় অর্থকরী ফসল।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: