সাতক্ষীরার নলেন গুড়ের সন্দেশ, দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে বিদেশেও
মিষ্টি ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর সেই মিষ্টি যদি হয় রসালো, সুস্বাদু এবং ঐতিহ্যের ছোঁয়ায় ভরপুর, তাহলে তো কথাই নেই। তেমনি এক জনপ্রিয় মিষ্টি হলো সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলেন গুড়ের সন্দেশ। দীর্ঘদিন ধরে জেলার মানুষের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই মিষ্টি। স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে এর সুনাম ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায়, এমনকি বিদেশেও পৌঁছে যাচ্ছে সাতক্ষীরার এই বিশেষ সন্দেশ।
মূলত শীত মৌসুমে খেজুরের রস থেকে তৈরি নলেন গুড় দিয়ে বানানো হয় এই সুস্বাদু মিষ্টি। নলেন গুড়ের অনন্য স্বাদ ও ঘ্রাণ সন্দেশটিকে করে তোলে অন্যরকম। সাতক্ষীরার মিষ্টির দোকানগুলোতে নলেন গুড়ের ক্ষীর, সন্দেশ ও প্যাড়া সন্দেশের পাশাপাশি দুধ মালাই, সাদা সন্দেশ, রসমালাই, ছানার জিলাপি, গোলাপজাম, বালিশ চমচম, দানাদার, রসগোল্লা ও দইসহ নানা ধরনের মিষ্টিও তৈরি হয়। তবে নলেন গুড়ের সন্দেশই সবচেয়ে জনপ্রিয়।
খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি এসব মিষ্টির জন্য সাতক্ষীরার মিষ্টি কারিগরদের রয়েছে বিশেষ সুনাম। জেলার চাহিদা মিটিয়ে এসব মিষ্টি এখন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। এমনকি প্রবাসী বাঙালিদের কাছেও পৌঁছে যাচ্ছে সাতক্ষীরার এই ঐতিহ্যবাহী মিষ্টি। এখানকার মিষ্টির কথা উঠলেই সামনে আসে ফকির মিষ্টান্ন ভান্ডার, আদি ফকির মিষ্টান্ন ভান্ডার, সাগর সুইটস, ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার ও জায়হুন মিষ্টান্ন ভান্ডারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নাম।

ভোর থেকেই শুরু হয় এই মিষ্টি তৈরির কর্মযজ্ঞ। প্রথমে সংগ্রহ করা হয় খাঁটি গরুর দুধ। বড় পাতিলে দুধ জ্বাল দিয়ে তৈরি করা হয় ছানা। এরপর নির্দিষ্ট অনুপাতে সেই ছানার সঙ্গে নলেন গুড় ও চিনি মিশিয়ে কড়াইয়ে জ্বাল দেওয়া হয়। প্রায় আধা ঘণ্টা তাপ দেওয়ার পর তৈরি হয় সুস্বাদু নলেন গুড়ের সন্দেশ ও প্যড়া।
ঐতিহ্যবাহি নলেন গুড়ের সন্দেশ প্রতি কেজি ৪২০ টাকা, নলেন গুড়ের প্যড়া সন্দেশ সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা এবং সাদা সন্দেশ প্রতি কেজি ৩৭০ টাকায় বিক্রি হয় বলে জানান দোকান কর্মচারীরা।
বিভিন্ন স্থান থেকে ভ্রমণপ্রিয় খাদ্যরসিকরাও সাতক্ষীরায় এসে এই ঐতিহ্যবাহী সন্দেশের স্বাদ নেন। তাদের মতে, স্বাদ ও মানে এই সন্দেশ অনন্য। দামও তুলনামূলকভাবে নাগালের মধ্যে। তবে এই সুনাম ধরে রাখতে মিষ্টির মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঐতিহ্য, স্বাদ এবং খাঁটি উপকরণের সমন্বয়ে তৈরি সাতক্ষীরার নলেন গুড়ের সন্দেশ শুধু একটি মিষ্টি নয়, বরং জেলার গর্ব ও পরিচয়ের প্রতীক।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: