ইটভাটার পাশে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) দুপুরের দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর এলাকার একটি ইটভাটা সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজের মাঝামাঝি সড়কে অজ্ঞাত ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে বুধবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, অজ্ঞাত কোনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: