আশাশুনিতে বেগুনি শাড়িতে নারী দিবসে বিশেষ মানব প্রদর্শনী
বেগুনি রঙের শাড়ি পরে দেড় শতাধিক নারীর অংশগ্রহণে সাতক্ষীরার আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৫০ ফুট দীর্ঘ মানব প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় ‘বাংলাদেশে লিঙ্গ সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস’ (জিআরডি আরআরআইবি) প্রকল্পের আওতায় আশাশুনির আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম-সাইক্লোন শেল্টারের মাঠে কয়েকটি নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
“সকল নারী ও কন্যার জন্য অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ” এই স্লোগানকে সামনে রেখে বৃহৎ এ মানব প্রদর্শনীতে আশাশুনির আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নের নারীরা অংশ নেন।
মানব প্রদর্শনীতে ‘নারীবান্ধব টেকসই বেড়িবাঁধ চাই’, ‘সব নারী ও কন্যার জন্য অধিকার, ন্যায়বিচার ও পদক্ষেপ’, ‘তোমার আমার এক কথা, সব নারীর নিরাপত্তা’, ‘নারীর ক্ষমতায়ন, বিশ্বের উন্নয়ন’, ‘রাষ্ট্র এবং পরিবারে সমান হবে অধিকার’, ‘নারীর নিরাপত্তা শান্তির ভিত্তি’, ‘নির্যাতনমুক্ত পরিবার, নারী-পুরুষের সমান অধিকার’—সম্বলিত বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নারীদের হাতে শোভা পায়।
মানব প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া, কে.এ. আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক প্রণব কুমার মণ্ডল, শেফালি বিবি, প্রকল্পের মনিটরিং, লার্নিং অ্যান্ড রিপোর্টিং অফিসার শেখ শাওন আহমেদ সোহাগ, প্রজেক্ট অফিসার সেলিনা আক্তার, অ্যাডভোকেসি অফিসার কানিজ শাইমা, বিন্দুর জেন্ডার অফিসার শাহিনুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অন্যান্য অতিথি ও এলাকাবাসী।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: