• NEWS PORTAL

  • বুধবার, ১৮ মার্চ ২০২৬

ভিজিএফের চাল চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৫, ১৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ভিজিএফের চাল চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ

চাঁপাইনবাবগঞ্জে দুস্থ ও অসহায়দের জন্য ভিজিএফের প্রায় দুই শতাধিক কার্ড থাকলেও চাল নেই, এমন অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল লতিফকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে চালবঞ্চিত গ্রামবাসী।

স্থানীয়রা জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ২৪০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও প্রত্যেককে ২ কেজি করে চাল কম দিয়ে বিতরণ কার্যক্রম শেষ করা হয়েছে। তবে, প্রায় ২০০ কার্ডধারী অসহায়দের হাতে কার্ড থাকলেও চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী।

তাদের অভিযোগ, চেয়ারম্যান চাল চুরি করে বাইরে বিক্রি করে দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

যদিও চাল চুরির বিষয়টি অস্বীকার করে, বিতরণে অনিয়ম হওয়ার কারণে চাল সংকট হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ইউপি চেয়ারম্যান নিঃশর্ত ক্ষমা চেয়ে সকল ভিজিএফ কার্ডধারীদের চাল দেওয়ার আশ্বাস দিলে ৭ ঘণ্টা পর তাকে মুক্তি দেওয়া হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত