ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রমণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগ এবং চিকুনগুনিয়া যদি প্রতিরোধ করতে চাই তাহলে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে। এই জনসচেতনতা তৈরি করার জন্যই আজকে আমরা এই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দাঁড়িয়ে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করলাম।
তিনি আরো বলেন, শুধু পরিচ্ছন্নতাকর্মী দিয়েই কিন্তু আমরা এর সুফল আনতে পারবো না। সুফল আনতে গেলে আমাদের প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে। আমাদের ময়লা-আবর্জনা যেন আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফেলি।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি বিশেষ অনুরোধ করবো আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে, আপনারা এই বিষয় নিয়ে যেন জনসচেতনতা তৈরি হয় সে বিষয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন।
এ সময় তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নতুন ভবন চালু করা প্রসঙ্গে বলেন, আশা করছি কোরবানির ঈদের আগেই আমরা ২৫০ শয্যা এই হাসপাতাল চালু করতে পারবো। ইনশাআল্লাহ বিশেষ করে সরকারের কাছে আমি এ বিষয়ে কথা বলেছি। আশা করি আমরা একটা সুনির্দিষ্ট একটা পদক্ষেপ দেখতে পাবো।
বিভি/এসজি



মন্তব্য করুন: