চিলমারীর রমনা ঘাটে জেলা প্রশাসনের জোরদার টহল
নদ-নদীময় কুড়িগ্রাম জেলার সাধারণ মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে চিলমারী উপজেলার রমনা ঘাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)-এর যৌথ উদ্যোগে মোট ২৬টি নৌকা যাত্রীসেবার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এতে করে যাত্রীদের ভোগান্তি কমানো এবং দ্রুত ও নিরাপদ পারাপার নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, ভাড়া নিয়ন্ত্রণ, অতিরিক্ত যাত্রী বহন প্রতিরোধ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী সরেজমিনে উপস্থিত থেকে টহল কার্যক্রম পরিচালনা করেন। তিনি নৌযানগুলোর সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় চিলমারী থানা পুলিশের সদস্যবৃন্দ এবং বিআইডাব্লিউটিএ চিলমারীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা, যাত্রীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে জানা গেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মনা ঘাটসহ জেলার গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে এ ধরনের টহল ও নজরদারি কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি যাত্রীদেরও নিরাপদ ভ্রমণের স্বার্থে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: