• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

একসঙ্গে জন্মদিন উদযাপনের স্বাদ পেলো ৬ হাজার সুবিধাবঞ্চিত শিশু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১১, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ১৬:১২, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
একসঙ্গে জন্মদিন উদযাপনের স্বাদ পেলো ৬ হাজার সুবিধাবঞ্চিত শিশু

সাতক্ষীরার দেবহাটায় ব্যতিক্রমী আয়োজনে প্রায় ৬ হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব শিশুর পরিবারের পক্ষে জন্মদিন পালন করা সম্ভব হয় না কিংবা কখনো জন্মদিন উদযাপন করা হয়নি, তাদের জন্য এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

একটি বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে কেক কেটে এসব সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উদযাপন করা হয়। এ সময় মাঠজুড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। অনেক শিশুর জন্য এটিই ছিল জীবনের প্রথম জন্মদিন উদযাপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু এবং আয়োজক সংস্থার ম্যানেজার মিল্টন সিংহসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে নিবন্ধিত ও স্থানীয় কমিউনিটির শিশুদের মাঝে খাতা, কলম, মাটির ব্যাংক ও ছাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমী আয়োজন শিশুদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।

আয়োজকরা জানান, প্রথম দিনে ২৫০ জন শিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রায় ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন ও উপহার প্রদান করা হবে। শিশুদের মানসিক বিকাশ, সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং আনন্দ ভাগাভাগির সংস্কৃতি গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত