জ্বালানি সংকটে মাছ ধরা বন্ধ, বরগুনার জেলেরা বিপাকে
বরগুনার উপকূলীয় এলাকায় জ্বালানি তেলের সংকটের কারণে ছোট নৌকায় মাছ ধরতে পারছেন না জেলেরা। এতে তাদের জীবিকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকর এলাকায় জেলেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় তারা দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয় জেলেদের অভিযোগ, গত প্রায় ১৫ দিন ধরে তারা পাম্প থেকে ডিজেল সংগ্রহ করতে পারছেন না। কনটেইনার বা বোতলে তেল বিক্রি না করায় ছোট নৌকার জেলেরা তেল নিতে পারছেন না, ফলে নদীতে যেতে পারছেন না তারা।
বাওয়ালকর এলাকার জেলে মো. ইলিয়াস হোসেন বলেন, আমরা ছোট নৌকা নিয়ে পাম্পে যেতে পারি না। বোতলে তেল না দেওয়ায় আমরা তেল পাচ্ছি না। মাছ ধরতে না পারায় আয় বন্ধ হয়ে গেছে।
স্থানীয় মৎস্যজীবী সমিতির সভাপতি রুহুল আমিন বলেন, তার এলাকায় প্রায় ১৫০ জন জেলে রয়েছেন, যারা বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন। পরিবার নিয়ে অনেকেই কষ্টে আছেন।
সরাসরি ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিষখালী নদীতে চলাচলকারী অন্তত ৮০টির বেশি ছোট জেলে নৌকা বর্তমানে খালে নোঙর করা রয়েছে।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বরগুনায় নিবন্ধিত জেলের সংখ্যা ৪৬ হাজারের বেশি। এদের একটি বড় অংশ নদ-নদীতে ছোট নৌকায় মাছ ধরেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন বলেন, সমুদ্রগামী ট্রলারগুলোর জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। তবে অভ্যন্তরীণ নদীতে চলাচলকারী ছোট নৌকার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: