১৯ ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
রেলওয়ে সূত্রে জানা যায়, উদ্ধারকাজ শেষে পর্যায়ক্রমে ট্রেন চলাচল শুরু করা হচ্ছে। প্রথমে হরষপুর স্টেশনে অবস্থানরত সিলেটগামী পারাবত এক্সপ্রেস ছেড়ে দেওয়া হয়। এরপর শায়েস্তাগঞ্জে থাকা কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট সকল সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। লাইনচ্যুত বগিগুলো সরানো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ছিলো অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। সবার সমন্বিত প্রচেষ্টা ও নিরবচ্ছিন্ন পরিশ্রমের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারকাজ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। একইসঙ্গে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে মোকাবিলা করা হয়েছে। সব কার্যক্রম শেষে এখন সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে এবং ট্রেন চলাচল শুরু হয়েছে।
প্রসঙ্গত, বুধবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে সিলেটগামী তেলবাহী একটি মালবাহী ট্রেন মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনের শাহপুর এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির অন্তত ৬টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। ফলে বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের এলাকা, সড়ক ও পাশের খালে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫)সহ বিভিন্ন সংস্থা যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে। পরে ক্ষতিগ্রস্ত বগি অপসারণ ও রেললাইন মেরামতের মাধ্যমে চলাচলের উপযোগী করা হয়।
বিভি/এআই



মন্তব্য করুন: