• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু!

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৯, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু!

একটি ওড়না, একটি চলন্ত রিকশা আর সামান্য সময়ের অসতর্কতা, এই তিনের সংযোগেই রাজবাড়ীর রাজপথে নিমিষেই প্রাণ হারান সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা (৬৬)। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী শহরের ব্যস্ততম পান্না চত্বর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বার্তা ২৪-এর জেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা। তিনি বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৃত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী।

জানা গেছে, সকালে মেয়ে ও জামাতার সঙ্গে জরুরি কাজে রাজবাড়ী কোর্টে এসেছিলেন তিনি। স্বজনদের সেখানে বসিয়ে রেখে রিকশায় রেলগেট এলাকার একটি হোটেলে নাস্তা করতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। চলন্ত রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগার কারণে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বেলায়েত হোসেন জানান, বৃদ্ধা নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলার শ্বাসনালীতে প্রচণ্ড চাপ বা ফাঁস লাগার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে নিশ্চিত করেছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের বিশেষ আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: