তেল অপচয়ের ভিডিও ভাইরাল: জনমনে প্রশ্ন, দায় কার?
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবপুকুর এলাকায় অবস্থিত রাকিব অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে তেল অপচয়ের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে এক মোটরসাইকেল আরোহী দীর্ঘ সময় অপেক্ষার পর ফিলিং স্টেশন থেকে তেল নিতে যান। প্রথমে তাকে ৫০০ টাকার তেল দেওয়া হলে তার মোটরসাইকেলের ট্যাংক পূর্ণ হয়ে যায়। এরপর তিনি আরও ৫০০ টাকার তেল নেওয়ার অনুরোধ জানান, তবে ট্যাংক পূর্ণ থাকায় স্টেশন কর্মীরা অতিরিক্ত তেল দিতে অপারগতা প্রকাশ করেন।
এ সময় মোটরসাইকেল আরোহী পুনরায় তেল দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলে কর্মীরা সীমিত পরিমাণে প্রায় ৬৬ টাকার তেল সরবরাহ করেন। পরবর্তীতে ট্যাংক পূর্ণ হয়ে যাওয়ায় অবশিষ্ট তেল বাইরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটি উপস্থিত অন্যান্য গ্রাহকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং তারা মোটরসাইকেল আরোহীর আচরণে অসন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে রাকিব অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুর রহিম জানান, মোটরসাইকেলের ট্যাংক পূর্ণ থাকা সত্ত্বেও চালক অতিরিক্ত ৫০০ টাকার তেল দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। পরিস্থিতির এক পর্যায়ে স্টেশনের এক কর্মী অতিরিক্ত তেল বাইরে ফেলে দেন, যা অনাকাঙ্ক্ষিত।
ঘটনাটি নিয়ে সচেতন মহল তেল অপচয়ের মতো সংবেদনশীল বিষয়ে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদারের দাবি উঠেছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: