কারখানার টিনশেড মেরামত করতে গিয়ে প্রাণ গেল দুই শ্রমিকের
চট্টগ্রামের সীতাকুণ্ডে গুদাম ও কারখানার টিনশেড মেরামতের সময় ভেঙে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বক্তারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া এলাকায় অবস্থিত ‘অল ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠানের পুরোনো টিনশেড গুদাম ও কারখানা ভাঙার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুক্তিভিত্তিক শ্রমিকরা টিনশেডটি ভাঙার কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে পুরো কাঠামো ভেঙে তাদের ওপর ধসে পড়ে। এতে তারা গুরুতর আহত হন।
পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিকরা হলেন— ফারুক ও জহির। তাদের মধ্যে ফারুকের বাড়ি নোয়াখালী জেলায় এবং জহিরের বাড়ি কুমিল্লা জেলায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: