টিকটক-ফ্রি ফায়ারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫
টিকটক-ফ্রি ফায়ার গেম কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লাহুড়িয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, গত মঙ্গলবার (৭ এপ্রিল) লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমি-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে টিকটক ও ফ্রি ফায়ার নিয়ে লাহুড়িয়া গ্রামের এগারোনলী এবং ৮৫ পাড়া গ্রামের স্কুলপড়ুয়া কিশোরদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এর জেরে বুধবার (৮ এপ্রিল) সকালে দুই পক্ষের গ্রামবাসী বাজারে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলে উভয়পক্ষের ৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, সংঘর্ষের পর এলাকাটিতে উত্তেজনা বিরাজ করছে।
লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: