ভাগনিকে ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলো অভিযুক্তের বাবা
ছবি: মেহেদী হাসান (সংগৃহীত)
কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ধর্ষণের প্রতিবাদ করায় শিশুটির মামার পায়ের রগ কেটে দিয়েছে অভিযুক্ত মেহেদীর বাবা।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে শিশুটির বাবার দায়ের করা মামলায় গ্রেফতার মেহেদী হাসানকে জেলহাজতে পাঠানো হয়। অভিযুক্ত মেহেদী হাসান (২০) উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মেহেদী হাসান নির্যাতনের শিকার ওই শিশুটির দূর সম্পর্কের মামাতো ভাই। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পরমতলা গ্রামের নানা বাড়িতে বেড়াতে আসা ৮ বছর বয়সী শিশুটি গোসল করে ঘরে ফিরছিল। এ সময় অভিযুক্ত মেহেদী হাসান ওই শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্জন জায়গায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
শিশুটি ঘরে ফিরে ধর্ষণের বিষয়টি তার খালাকে জানায়। পরে তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে, ঘটনার প্রতিবাদ করতে গেলে শিশুটির মামার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেফতার করা হযয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্ত মেহেদী হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা চলছে। অভিভাবকের ওপর হামলার ঘটনাটিও তদন্তাধীন রয়েছে।
বিভি/এআই



মন্তব্য করুন: