• NEWS PORTAL

  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৫১, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার তালায় নকল ও ভেজাল সার-কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করার দায়ে মশিয়ার রহমান মোড়ল নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় জব্দ করা হয় বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার লাউতাড়া গ্রামের অজপাড়াগাঁয়ে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। 

আটক মশিয়ার রহমান মোড়ল (৫৫) তালা উপজেলার লাউতাড়া গ্রামের ইমান আলীর ছেলে এবং বি,সি,আই,সি অনুমোদিত একজন সার ডিলার।

র‍্যাব জানান, তালা উপজেলার লাউতাড়া গ্রামের বি,সি,আই,সি অনুমোদিত সার ডিলার মশিয়ার রহমান মোড়লের বাড়িতে বিভিন্ন কোম্পানির নামে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে তা বাজারজাত হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে অনুমোদনহীন বিপুল পরিমাণ ৯০০ লিটার নকল ও ভেজাল তরল কীটনাশক, ৮৭০ কেজি নকল সারসহ কৃষি পণ্য তৈরির উপকরণ, বিপুল পরিমাণ বিভিন্ন কোম্পানীর খালি প্লাস্টিকের বস্তা, লেবেল ও প্যাকেট জব্দ করা হয়। পরে আটক করা হয় মশিউর রহমানকে। জব্দকৃত ভেজাল সার ও কীটনাশকসহ বিভিন্ন উপকরনের বাজার মুল্য প্রায় পাঁচ লাখ টাকা। এরপর জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা আটক মশিয়ার রহমান মোড়লকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদ্বন্ড প্রদান করেন। এছাড়া জব্দকৃত ভেজাল পণ্য সমুহ ধ্বংসের নির্দেশ দেন। অভিযানের সময় র‍্যাবের পাশাপাশি কৃষি বিভাগ ও তালা থানার পুলিশ সদস্যরা অংশ গ্রহণ করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক এবং তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে ভেজাল সার ও কীটনাশকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: