চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি অস্ত্র-গুলিসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও দুটি মোটরসাইকেলসহ মশিউর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী-ধনীপাড়া এলাকায় এ অভিযান চালায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। তাকে থামাতে বিজিবির সদস্যরা শটগান দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
পরে মোটরসাইকেল আরোহী মশিউর রহমানকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই অভিযানে দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও দুটি মোটরসাইকেলের আনুমানিক মূল্য চার লাখ ৩৫ হাজার টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিভি/এআই













মন্তব্য করুন: