লেবু বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার, মহিষের আক্রমণে মৃত্যু ধারণা পরিবারের
ছবি: আবদুল মাবুদ
চট্টগ্রামের বোয়ালখালীর লেবু বাগান থেকে কৃষক আবদুল মাবুদের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। বৃহস্পতিবার দিবাগতরাতে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া খালের পাশে তার লাশ পাওয়া যায়। এর আগে সকালে তিনি লেবু বাগানে কৃষিকাজ করতে গিয়েছিলেন।
আবদুল মাবুদ কড়লডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চম্পা তালুকদার পাড়ার মৃত ইউছুপ নবীর ছেলে। তাঁর দুই মেয়ে ও তিন ছেলে রয়েছে। লেবু বাগানে কাজের পাশাপাশি তিনি পাহাড়ে চাষাবাদ করেতেন।
স্থানীয়রা জানান, আবদুল মাবুদ প্রতিদিন পাহাড়ে কাজ শেষে বিকাল ৫টার দিকে বাড়ি ফিরতেন। বৃহস্পতিবার বিকেল গড়িয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাঁকে খুঁজতে গিয়ে ডুমুরিয়া খালের পাশে লেবু বাগানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তার ভাগিনা সাগর তালুকদার জানান, আবদুল মাবুদ প্রতিদিন লেবু বাগানে কাজ করতে যেতেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ি না ফেরায় তাঁকে খুঁজতে গিয়ে বাগানে লাশ পাওয়া গেছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মহিষের আক্রমণে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তারা।পাহাড়ে লালন করা মহিষের পাল রয়েছে। এসব মহিষ উন্মুক্ত ঘুরে বেড়ায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, তিনি খবর পেয়েছেন মহিষের গুঁতোয় আবদুল মাবুদ নামের এক ব্যক্তি মারা গেছেন।
বিভি/এআই













মন্তব্য করুন: